ছয়দিন 'নিখোঁজ’ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছেন। তার স্ত্রী মেহেরুননিছা মেহরীনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, আবু আসিফের নিখোঁজের ঘটনায় তার স্ত্রী গত মঙ্গলবার আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর থেকে পুলিশ তার খোঁজ করছিল। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশের এ কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কি হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি তার সন্ধানে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছিলেন মেহেরুননিছা। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।