সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী।

আজ বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এনায়েতপুর হাসপাতালগামী শাহজাদপুরের সবুজবাংলা নামের বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ওই দু’জন মারা যান বলে জানা গেছে। 

নিহতরা হলেন বেলকুচির শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২২) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৩)। গুরুতর আহত  ফরহাদ হোসেনকে (২৮) স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে পাঠিয়েছেন।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান,  তিন যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন।