নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২২ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব শুরু হচ্ছে। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ মেলা শুরু হচ্ছে। গতকাল দুপুরে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এ তথ্য জানান। আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে।
লাইব্রেরি মিলনায়তনে ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তফা মুন্না, ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁও থানার ওসি মো. সাইফুল ইসলাম ইসলাম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।
দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ মেলায় কর্মরত কারুশিল্পীদের পণ্য, পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্যসামগ্রী প্রদর্শনের ব্যবস্থা থাকবে। মেলা চলাকালে ওই এলাকার যানজট, আইন-শৃঙ্খলা ও খাদ্যের মূল্যতালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা ২৩ মার্চ পর্যন্ত চলবে। এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর জন্য ২৪টি স্টলসহ মোট ১০০ স্টল বরাদ্দ করা হয়েছে।










