ফেসবুক পোস্টের কল্যাণে সেলাই মেশিন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মৃত নরু মিয়ার মেয়ে ইমা আক্তার। গতকাল বিকালে উপজেলার অরুয়াইল বাজারে ইমা আক্তারের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করেন প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। ফেসবুকে পোস্টদাতা সংবাদকর্মী মনসুর আলী বলেন, কয়েকদিন আগে ‘এতিম ইমা আক্তারের জীবনভিত্তিক’ একটা ভিডিও ফেসবুকে পোস্ট করি। ভিডিওটি প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্যদের নজরে আসে। পরে সংগঠনটির পক্ষ থেকে ইমা আক্তারকে সেলাই মেশিনটি উপহার দেয়া হয়।