পাহাড়ি ঢল ও বৃদ্ধির কারণে উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপৎসীমা অতিক্রম করেছে। পানি গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে আজ সোমবার সকাল ৬টায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। 

এদিকে জেলার কাজিপুর উপজেলা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপরে রয়েছে। 

সিরাজগঞ্জের পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) একেএম রফিকুল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে আজ জানান, যমুনায় আগামী ৭২ ঘণ্টা পানি আরো বাড়তে পারে। 

দ্বিতীয় দফায় যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার সদর, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার আভ্যন্তরীণ নদ-নদী ও শাখাগুলোতে পানি বাড়তে শুরু করেছে। যমুনার তীরবর্তী অঞ্চলও প্লাবিত হচ্ছে। দ্বিতীয় দফা পানি বাড়ার পাশাপাশি স্থায়ী বন্যার প্রকোপের আশঙ্কায় আতঙ্কের মধ্যে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। অনেকেই আশেপাশের বাঁধে ও উঁচুস্থানে আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এবছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। জুনের শেষে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ২ জুলাই থেকে টানা ৯ দিন পানি কমার পর ১০ জুলাই থেকে ফের বাড়তে শুরু করেছে।