নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিএইচআরএম নামে কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ হন সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসাইন বলেন, ফতুল্লার একটি স্টিল মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শরীরের ৫২ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা থেকে ঘটনা সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি। তবে তারা বিস্ফোরণের খবর শুনেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ফতুল্লা ইউনিট কারখানায় পাঠানো হয়েছে।