কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের
প্রতিনিধি দল। বুধবার (১২ জুলাই) সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তারা। দেশটির
বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া প্রতিনিধিদলের
নেতৃত্ব দেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের
এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
প্রতিনিধিদল ১০টা ৪৫ মিনিটে ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর
এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন । সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার
চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিদশ ক্যাম্প-১১ অ্যাকশান এইডের এর অফিসে
রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন,
প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গারা
মিয়ানমারে তাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন
বিধি-নিষেধের বর্ণনা দেন। সভায় রোহিঙ্গারা শান্তিপূর্ণ ও মর্যাদার সঙ্গে সকল অধিকার
নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন। প্রতিনিধিদল এরপর ক্যাম্প-১৮ তে অবস্থিত
রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন করেন।
প্রতিনিধিদলটির নিরাপত্তার সার্বিক বিষয়াদি তদারকিসহ তাদের
সঙ্গে ৮ এপিবিএন-এর পক্ষে সৌজন্য বিনিময় করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। এসময়
তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ ও রবিউল ইসলাম।










