নারায়ণগঞ্জের ফতুল্লায় নদী দূষণকারী কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীন নদী দূষণকারী দিপ্তী ডায়িং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসির বিচ্ছিন্নকারী টিম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ টিম এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নদী দূষণকারী দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লি. কারখানাটি দীর্ঘদিন পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এর আগে কারখানাটিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলেও ওই নির্দেশনা না মেনে কারখানা কর্তৃক অব্যাহতভাবে পরিবেশ দূষণ করা হচ্ছিল।










