নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্প ১৯৬৪-৬৮ সালে যখন তৈরি করা হয়েছিল, তখন পরিস্থিতি অনেক উন্নত ছিল। কিন্তু এখন তা মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ফতুল্লার লালপুর অভিশপ্ত এলাকা হয়ে গেছে। জায়গাটা নিচু কিন্তু পানি বের হওয়ার যে পথগুলো আছে সেগুলো উঁচু। নিচু জায়গা থেকে তো পানি আর উঁচু জায়গায় যেতে পারবে না। ফলে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতায় আটকে থাকতে হচ্ছে মানুষকে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন নিয়ে সভায় এসব কথা বলেন শামীম ওসমান।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ডিএনডির উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর লে. কর্নেল আহসানউথ তাকবিম চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ এলজিইডি, সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএনডির অভ্যন্তরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান সংসদ সদস্য শামীম ওসমান।

সভায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনী লে. কর্নেল আহসানউথ তাকবিম চৌধুরি প্রজেক্টরের মাধ্যমে লালুপুর পানি কেন ডিএনডির ক্যানেলে নিয়ে আসা যাচ্ছে না তা তুলে ধরেন।