নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে দলের ভেতরে থেকে কেউ কোনো ষড়যন্ত্র করলে কাউকে রেহাই দেয়া হবে না। সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দিয়েছেন। আর সেই নৌকার বিরোধিতা করে পার পেয়ে যাবেন, তা হবে না। মনে রাখবেন, শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিল বলেই আপনি সংসদ সদস্য হয়েছেন। কি বুঝাইতে পারছি? কি বলতে চাই আকার-ইঙ্গিতে ঝুইঝা নেন। গতকাল বিকালে নারায়ণগঞ্জের বন্দরে কবিলার মোড়ে বন্দর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে নানক বলেছেন, শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি (সংসদ সদস্য) হইছিলেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন। আগামীতে নৌকা পাবেন না। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দেব না।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ রশিদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

জাহাঙ্গীর কবির নানক সরাসরি নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের অবস্থান নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ। এদিকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি সমর্থিত কয়েকজন নেতা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সঙ্গে প্রচারণায় দেখা গেছে। এ প্রসঙ্গ তুলে জাহাঙ্গীর কবির নানক বলেন, এই নারায়ণগঞ্জে জাতীয় পার্টির বন্ধুদের এক ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারা। নৌকার প্রার্থীর বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। কোনো হুমকি-ধমকি, কোনো মিথ্যাচারের কাছে এ বন্দরের মানুষ হার মানবে না। পরাজিত হবে না।

১৬ জানুয়ারি নৌকার বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নানক।