কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবককে হত্যা করা হয়েছে। নিখোঁজের একদিন পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উখিয়ার বালুখালী ৫ নম্বর ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মাহাবুবুর রহমান (৩৫)। তিনি উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবু শামার ছেলে। মরদেহে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার মাহাবুবুর বালুখালী ৫ নম্বর ক্যাম্পে তার শ্বশুরবাড়িতে ছিলেন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ ধারণা করছে, কোনো একটি সন্ত্রাসী গোষ্ঠী মাহাবুবুরকে অপহরণ করেছিল। বৃহস্পতিবার সকালে ৫ নম্বর ক্যাম্পের রোহিঙ্গারা মাহাবুবুরের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত শেখ মোহাম্মদ আলী বলেন, ‘‌নিহত যুবকের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত যুবককে কোনো একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে এ ঘটনার একদিন আগে বুধবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক আবদুর রশিদ নিহত হন। ওইদিন সকাল ৮টার দিকে বালুখালী (পশ্চিম) ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।