সিরাজগঞ্জে নতুনভাবে নির্মিত স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

আজ বুধবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাঈম শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে।

আহতরা হলেন- একই মহল্লার কানাই চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী (২৬) ও চন্দন কুমারের ছেলে পার্থ (২৪)। হতাহতরা একে অপরের ব্যবসায়িক অংশীদার।

নিহতের বন্ধু অরিন্দম ব্যানার্জী জানায়, শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে নাঈমের ফাস্টফুডের দোকান রয়েছে সেখান থেকে ফেরার পথে বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে শহরে আসার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সার্কিট হাউস এলাকায় স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন নাঈম। তার পেছনে থাকা অপর মোটরসাইকেলে বাপ্পী ও পার্থও এসে একইভাবে ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাঈমের মৃত্যু হয়। বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরও দুজন আহত হয়েছে।