ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। একই সময়ে প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে গাজীর বাজার-হীরাপুর সড়কে পদযাত্রা পালিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভূঁইয়ার নেতৃত্বে কর্মসূচিতে সভাপতিত্ব করেন দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া। বক্তব্য রাখেন বিএনপি নেতা ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান, পৌর বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, জাহের ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মনির মুন্না প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন ভূঁইয়া।

এদিকে দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীর বাজারে উপস্থিত হয়ে শান্তি সমাবেশ করে। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা অহিদ ভূইয়া, হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা ছাদেকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান সজিব প্রমুখ।