প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

গতকাল বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছে নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেয়া সম্ভব। বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার বার্তা সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে। এটি আমাদের ধারণা,৷ উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, ‘জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তা-ই হয়, তবে এ ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য নয়। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা।’

তাই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে প্রত্যাশা সালাহউদ্দিনের।