কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩-এর ব্লক-এইস-১৬-এর বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪), কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে বিল্লাহ (৪৫), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) ও একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)। রায় ঘোষণার সময় আসামিরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গিয়েছে, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝিরঘাটে খুরুশকুল ব্রিজের পাশে একটি মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে আয়াজ ও বিল্লাহকে আটক করে। তখন র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরো চার-পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা, ১০ হাজার নগদ টাকা উদ্ধার এবং ট্রলারটি জব্দ করা হয়। এ ঘটনায় র?্যাব-১৫-এর নায়েব সুবেদার হারুনুর রশীদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।