দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে স্বচ্ছতা আনার পাশাপাশি ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করবে। ব্যবসার সব বাধা দূর করবে।

গতকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টার এ বৈঠক শেষে সেখানে উপস্থিত ব্যবসায়ীরা সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেছেন। আলোচনায় মূলত দেশের আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের রূপরেখা প্রাধান্য পেয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে বিএনপি একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগসহায়ক পরিবেশ নিশ্চিত করবে। 

দেশের অর্থনীতির প্রধান খাতগুলোর প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন। তাদের সঙ্গে তারেক রহমানকে পরিচয় করিয়ে দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।

বৈঠক শেষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘তারেক রহমান মনে করেন, যে ওনারা যদি আসতে পারেন তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পলিসিগুলো নিয়ে কাজ করবেন। কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে। কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না। কিন্তু একটা স্বচ্ছতা আনার চেষ্টা করবেন এবং ব্যবসা সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে।’

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘আমরা আজকে আলোচনা করেছি ব্যবসা ক্ষেত্রে চলমান যে সমস্যা রয়েছে (সেগুলো নিয়ে)। আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে ঠিক রাখা এবং বর্ধিত করা সেটাই নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা চেয়েছি যে যদি অর্থনৈতিক উন্নয়ন করতে যেকোনো সরকার যে-ই আসুক ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের বডি ল্যাংগুয়েজে আমাদের ইতিবাচক মনে হয়েছে। উনি আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় আসতে পারেন আমাদের নিয়ে কাজ করবেন যাতে দেশের উন্নয়ন হয় অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাই।’

বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসেইন আকবরআলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আব্দুল মুক্তাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি ও সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুও বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব নেতাদের সাক্ষাৎ: এদিকে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির নেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তারেক রহমান তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।