কক্সবাজারের চকরিয়ার সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের ওষুধ কোম্পানির এক সেলস রিপ্রেজেন্টেটিভকে (এসআর) জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতাল মাঠের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের এসআর হিসেবে কর্মরত রয়েছেন। এই ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে আশিক বিল্লাহ (৩৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ঘটনার পর আশিক বিল্লাহ ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে আটক হয়েছেন।

আটককৃত আশিক বিল্লাহ ওই ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের চকরিয়া ডিপোর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর)।

ঘটনার সময় হাসপাতাল মাঠের মসজিদে এশার নামাজ পড়ছিলেন বেশ কয়েকজন মুসল্লি। তারা বলেন, শনিবার রাত ১১ টার দিকে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে ঘাসের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে একজন চিৎকার দেন। এসময় মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান এক যুবকের নিথর দেহ সেখানে পড়ে আছে।

পরে মুসল্লিসহ আশপাশের লোকজন জড়ো হচ্ছে দেখে চিৎকার দেয়া যুবক ঘটনাস্থলের পাশে ফেলে যাওয়া তার মোটর সাইকেল নিয়ে চম্পট দিতে চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, ঘটনার সময় আটককৃত ওষুধ কোম্পানির এমআর আশিক বিল্লাহসহ ৩/৪ জনের একটি চক্র হত্যাকাণ্ডে অংশ নেয়। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে চিৎকার চেঁচামেচি দিয়ে ঘাতক আশিক বিল্লাহ ধরা পড়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। কক্সবাজার থেকে সিআইডি পুলিশের ক্রাইম সিন টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে হেলথ কেয়ার নামের ওষুধ কোম্পানির এমআরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।