সিরাজগঞ্জের নলকায় ও মুলিবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন।

আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এবং সকালে মুলিবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুরুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী ভোজ্যতেলবাহী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের তিন জন আরোহী নিহত হন। তারা হলেন- দিনাজপুরের নবাগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবর (৪০) ও তার স্ত্রী নূরজাহান বেগম (২৪) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোহেল রানা (২২)। এতে দুইজন আহত হন। 

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে রাখে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরেক নারীর মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ীতে প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও সিমেন্টবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।  খবর পেয়ে সেতু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের  সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরতর বলে জানিয়েছেন চিকিৎসক।