ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হয়। অথচ এ জেলাতেই চাপ নেই গ্যাসের। বেশকিছু দিন ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত এ সমস্যা দেখা দিচ্ছে। ফলে রান্না করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলার বাসিন্দাদের। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নারীরা। গতকাল সকালে তিতাস গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঘাটুরা কার্যালয়ের ফটক বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। পরে সেখানে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে। অথচ এ জেলার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস সুবিধা পাচ্ছেন না। দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। এছাড়া দীর্ঘদিন বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রাখারও সমালোচনা করেন বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল হক বণিক বার্তাকে বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করেছেন। শীতকালে গ্যাস সরবরাহ এমনিতেই কম হয়, এছাড়া অবৈধ সংযোগ ও আন্তঃকোম্পানি সমস্যার কারণে গ্রাহকরা গ্যাস কম পাচ্ছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।










