ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে তিনদিনের ফুল উৎসব শুরু হয়েছে। গতকাল বিকালে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। আয়োজকরা জানিয়েছেন, ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবে ফুল রাজ্যকে সবার সামনে তুলে ধরতে ভূমিকা রাখবে। এরই মধ্যে ফুল উৎসব চাষী, ব্যবসায়ী ও দর্শনার্থীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপরিচালক হুসাইন শওকত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, ফুলচাষী সাজেদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।

এদিকে উৎসবকে কেন্দ্র করে এ অঞ্চলের ফুলখেত নবরূপে সাজানো হয়েছে। প্রতিটি ফুল সেডকে এক একটি স্টলে রূপান্তরিত করা হয়েছে। গদখালীর পানিসারা হাড়িয়া ফুল মোড়ের খেতগুলো দৃষ্টিনন্দন করা হয়েছে। এ মোড়ে অবস্থিত রেস্টুরেন্টগুলোকেও ফুলখেতের আদলে রূপ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘যশোরের গদখালী ফুলের সুভাষ শুধু সমৃদ্ধি ছড়াচ্ছে না; দেশের অর্থনৈতিক ‘সমৃদ্ধির সোপানও বৃদ্ধি করেছে। ফুলকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশে এ উৎসব কাজে আসবে।’