সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। জেলার চার উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশার টগার হাওর, দিরাইয়ের কালিয়াগোটা হাওর এবং তাহিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুজ্জামান, হাবিবুর রহমান, রহমত উল্লাহ (২৩), লিটন মিয়া ও আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। তারা সবাই হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রহমত আলী উজ্জ্বল (৩০) ও মমতাজ আলী খান (৫৮)। তারা দুজনই দুপুরে বাইরে অবস্থানকালে বজ্রপাতে মারা যান।
গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকায় বজ্রপাতে দুজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫)। তারা পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে আক্রান্ত হন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, ‘নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হবে। তাদের আর্থিক সহায়তা দেয়া হবে।’
নেত্রকোনার আটপাড়া উপজেলার মেষি হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান আলতু মিয়া (৬৫)। এ বিষয়ে আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, ‘বেলা ১টার দিকে মেষি হাওরে গরুর জন্য ঘাস কাটছিলেন আলতু মিয়া। এ সময় আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওরে গিয়ে আলতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।’
এছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক হেলাল মিয়া (৩৮) নিহত হন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান কৃষক সুনাম উদ্দিন (৬০)।
স্থানীয় প্রশাসন জানায়, বজ্রপাতের ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে খোলা জায়গায় কাজ করার সময় আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
সাধারণত এপ্রিল-মে মাসে বা বলা যায় বৈশাখে দেখা যায় বজ্রপাত। জাতিসংঘের তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে গড়ে ৩০০ মানুষ প্রাকৃতিক এ দুর্যোগে মারা যায়। সে তুলনায় যুক্তরাষ্ট্রে মারা যায় মাত্র ২০ জন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ বজ্রপাতের অন্যতম হটস্পট। আর সবচেয়ে বেশি বজ্রপাত হয় সিলেটে।










