আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের পরিবর্তন করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে চট্টগ্রাম-১০ আসনের মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে আমীর খসরুর জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে। অন্যদিকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের আগের ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল দলটির পক্ষ থেকে এ মনোনয়ন দেয়ার কথা জানানো হয়।
গতকাল নির্বাচনের অংশগ্রহণের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ‘আমার ওপর দল যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে।’
আপনাদের এ আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।’










