সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালক ও এক হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় আজ বুধবার (১৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে রাজশাহীগামী তুলাবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে কড্ডাগামী ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মারা যান। গুরুতর আহত হন আরও দুই জন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। ভর্তির পর আরেকজন মারা যান। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন। 

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছির হাবিবুর রহমানের ছেলে তুলাবহনকারী ট্রাকের চালক জহুরুল ইসলাম (২৮), একই উপজেলার হাজিপুর গ্রামের অর্জুন কুমারের ছেলে ইটের ট্রাকের চালক মিঠুন কুমার (২২) এবং একই গ্রামের বনজ কুমারের ছেলে একই ট্রাকের হেলাপার অনন্ত কুমার (১৭) এবং রায়গঞ্জ উপজেলার নিমগাছির ইয়াকুব আলীর ছেলে ওমর ফারুক(২২)।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, রায়গঞ্জ উপজেলার নিমগাছির ইয়াকুব আলীর ছেলে  দুর্ঘটনায় আহত ওমর ফারুক (২২) সন্ধ্যায় মারা যান। দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতাসহ ট্রাক দুটি অপসারণে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি  হয়। দুপুর আড়াইটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম দুই ট্রাকের সংঘর্ষে  চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।