কাঁটাতারের বেড়া দুই দেশের সীমান্ত রেখাকে পৃথক করলেও দুই বাংলার শিল্প-সংস্কৃতিতে ছেদ ঘটাতে পারেনি। ভাষার মাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে যশোরে আয়োজন করা হয়েছে ভারত ও বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবির যৌথ প্রদর্শনী ‘রিদম অব লাইফ’। এতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস। রঙ-তুলির আঁচড়ে শিল্প-সংস্কৃতির আবেগ, ভালোবাসা ফুটিয়ে তুলছেন দুই বাংলার শিল্পীরা। এ উদ্যোগ দুই দেশের শিল্পচর্চা ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য ফাউন্ডেশন, স্বনাধীতি ও এস্থেটিক আর্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে দুদিনের যৌথ কর্মশালা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল সকালে এ যৌথ কর্মশালা ও চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এতে দুই দেশের ২৪ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। তাদের শিল্পকর্মে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস। দুই বাংলার মানুষের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের তেমন পার্থক্য নেই। কাঁটা তারের বেড়া দুই দেশকে বিভক্তি করলেও আত্মিক সম্পর্কে ছেদ ঘটেনি। দুই বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন ভারতীয় শিল্পীরা।
ছবির প্রদর্শনীতে অংশ নেয়া কলকাতার শিল্পী তপন কুমার দাস বলেন, ‘ভাষার মাসে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি দুই বাংলার শিল্পীরা। দুই দেশের শিল্পীদের মিলনমেলায় শিল্প ও সংস্কৃতি চর্চার আরো বেগবান হবে।’
প্রদর্শনীর মূল উদ্যেক্তা চিত্রশিল্পী আশরাফ হোসেন বলেন, ‘দুই বাংলার মানুষের ভাষা একই। তাই বাংলা ভাষার চর্চা আরো সুদৃঢ় করার লক্ষ্যে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে এ যৌথ কর্মশালা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘সংস্কৃতি চর্চার অগ্রসর জেলা যশোর। দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ কর্মশালা ও চিত্রপ্রদর্শনী সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’










