নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বনভোজনের একটি বাসের চালক ও সহকারীসহ ২০-২৫ যাত্রী মিলে পিটুনি শেষে গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করে। বুধবার রাত সাড়ে ১০টায় দিকে সানারপাড় পিডিকে পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার বড়বাড়ি পুকুরপাড় এলাকার মৃত গোলজার হোসেন বকুলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবু সুফিয়ান ও তার বন্ধু অনিক সরকার হূদয় বুধবার রাত সাড়ে ১০টায় একটি মোটরসাইকেলে সাইনবোর্ড থেকে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তারা পিডিকে পেট্রল পাম্পের সামনে পৌঁছলে বনভোজনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপ দেয়। পরবর্তী সময়ে আবু সুফিয়ান মোটরসাইকেল দ্রুত চালিয়ে বাসটি থামালে চালক, সহকারী ও বনভোজনের ২০-২৫ যাত্রী বাস থেকে নেমে আবু সুফিয়ানকে কিল-ঘুষি ও লাথি মেরে জখম করার পাশাপাশি তাকে পা দিয়ে গলা চেপে ধরে। এতে সুফিয়ান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।