কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অপহরণের শিকার ৮ বাংলাদেশী ফিরে এসেছেন। বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তারা জাহাজপুরা এলাকায় অক্ষত অবস্থায় নিজেদের বাড়িতে আসেন। এরপরই তাদের পুলিশ হেফাজতে নেয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অপহৃতরা জানান, সন্ত্রাসীরা অস্ত্রধারী ও রোহিঙ্গা ছিলেন। তারা ৬ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিয়েছে। তবে এর আগে মারধর করা হয়েছে।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম মুক্তিপণের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তিনি জানিয়েছেন, পুলিশের সাঁড়াশি অভিযানের কারণেই অপহৃতদের ফিরিয়ে দিতে সন্ত্রাসীরা বাধ্য হয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অপহরণকারীরা রোহিঙ্গা নন, বাংলাদেশী সশস্ত্র গ্রুপ ছিল।
গত ১৮ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গেলে অস্ত্রধারী একদল অপহরণকারী আট যুবককে অপহরণ করে নিয়ে যায়। আটজনই একই গ্রামের এবং তারা পরস্পর নিকটাত্মীয়।
অপহরণের শিকাররা হলেন, আবছার উদ্দিন (২২), নুরুল মোস্তাফা (৩৪), করিমুল্লাহ (২০) নুর মোহাম্মদ (২৪), মোহাম্মদ উল্লাহ (৩৮), সেলিম উল্লাহ (৩২), রিদুওয়ান (১৮) ও নুরুল হক (৫২)। এদের মধ্যে আবছার কক্সবাজার কলেজের ছাত্র।
টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, এ ঘটনায় অপহৃত করিমুল্লাহর ভাই মোহাম্মদ হাবীব বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেছেন।










