সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। মৃত দোলেনা খাতুন (৩৩) এনায়েতপুরের রুপনাই গ্রামের মামুন খানের স্ত্রী এবং খুকনী গ্রামের তাত ব্যবসায়ী সুলতান হোসেনের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৩ বছর আগে রূপনাই গ্রামের কাদের খানের ছেলে মামুন খানের সঙ্গে দোলেনা খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। মামুন কাপড়ের ব্যবসা করতেন। এরপর শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে মাসখানেক থাকার পর বাড়ি ফিরে আসেন। ঢাকাসহ বিভিন্ন স্থানে নানা ব্যবসা করে ঋণগ্রস্ত হয়ে পড়েন মামুন। টাকা ও গহনার জন্য স্ত্রী দোলনা খাতুনকে মাঝেমধ্যেই মারধর করতনে এবং বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। কোরবানির ঈদের সময় মামুন ঢাকা থেকে বাড়ি এসে কলহ করে ঈদের পর চলে যান। তবে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনদের দিয়ে টাকা গহনার জন্য চাপ দিতেন। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকালে দোলনা খাতুনকে নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত দোলনা খাতুনের বড়ভাই ইব্রাহীম হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামী মামুন খান ও তার স্বজনেরা নানা কাজের কথা বলে মোটা অংকের টাকা ও গহনার জন্য চাপ দিত ও মারধর করতো। টাকা গহনার জন্যই তাকে শ্বাসরোধে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
ঘটনার বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










