৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার বিকেলে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট ১ হাজার ৫২১ জন। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডার ও ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ সরকারি বিধি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়। পিএসসি সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।










