কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মৌলভী সামসু আলম (৩৮) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উখিয়ার ক্যাম্প-২০-এর পাহাড়ি এলাকার একটি খালের কাছে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সামসু আলম উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সাব ব্লক এইচ-৭৯এর বাসিন্দা মৃত মিয়া চাঁন এর ছেলে। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের সাব ব্লক এইচ-৮৮-এর একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুদিনে দুজন খুন হলেন। এর মধ্যে একজন রোহিঙ্গা নেতা। অন্যজন মসজিদের ইমাম। এছাড়া দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার থেকে নিখোঁজ ছিল সামসু আলম। গতকাল সকালে তার মরদেহ পাওয়া যায়।










