মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে পাচারকালে পৃথকভাবে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। শুক্রবার রাত ১১টা ও গতকাল সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন আলুগোলার মৎস্য খামার এলাকা থেকে দুটি ইয়াবার চালান জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন আলুগোলার মৎস্য খামার এলাকা দিয়ে তিন ব্যক্তি তিনটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ তিনটি ফেলে ওই তিন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে তিনটি ব্যাগ থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এদিকে গতকাল সকালে বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বস্তা তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।










