কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এলো ইন্দোনেশিয়ার আরো একটি বড় জাহাজ। শুক্রবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 

বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, গত দুই মাসে ৩ লাখ টনের বেশি কয়লা নিয়ে ৫টি জাহাজ ভিড়ল এই বন্দরে। খালাসের পর কয়লা নেওয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত ১৪ জুন ৫৪ হাজার ৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজটি।

উল্লেখ্য, এপ্রিলের ২৫ তারিখ মাতারবাড়ী বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।