ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলছে না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গত  শুক্রবার (২৭ জানুয়ারি) রাত থেকে আসিফ নিখোঁজ রয়েছেন বলে আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন  তার স্ত্রী মেহেরুন্নিছা। এর আগে গত বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন আসিফের শ্যালক ও তার নির্বাচন পরিচালনাকারী কমিটির প্রধান সমন্বয়ক শাফায়েত হোসেন (৩৮)। এছাড়া ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে আসিফের প্রধান নির্বাচনী এজেন্ট মুসা মিয়াকে (৮০) একটি মারামারির মামলায় গ্রেফতার করে পুলিশ।

আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আবু আসিফের বাড়ির সামনে দিন-রাত সাদা পোশাকধারী লোকজন অবস্থান করছেন। যদিও এ বিষয় সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ।

আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহরীন বলেন, ‘আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। আমার বাড়ির সামনে সাদা পোশাকে লোকজন অবস্থান করছেন। আমার বাড়িতে একাধিকবার তল্লাশি হয়েছে। আমি আতঙ্কের মধ্যে আছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার (আবু আসিফ) শুভাকাঙ্ক্ষীরা তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। তারা এখন বলছেন ওই যেখানেই থাকুক না কেন প্রচারণার কাজ তারা চালিয়ে যাবেন। তারা কেন্দ্রেও যাবেন। তবে সুষ্ঠু ভোট হবে কিনা সেটা এখন বড় বিষয়।’

আবু আসিফের আশুগঞ্জ বাজারের বাড়ির দারোয়ান মো. ইউসুফ বলেন, ‘পরশু রাতে কয়েকজন এসে পুলিশ পরিচয় দিয়ে পুরো বাড়ি তল্লাশি করে। পরের দিন আবার আসে। বাসার সামনে সাদা পোশাকধারী লোকজন অবস্থান করছেন। কে এলো না এলো তার ছবি তুলছেন ‘।

এ বিষয়ে জানতে চাইলে  আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ কি-না সে বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাড়ির সামনে সাদা পোশাকধারী আরো অবস্থানের বিষয়টিও তিনি জানেন না। 

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন। নির্বাচনে আব্দুস সাত্তার ছাড়াও আরও তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। তবে রাজনীতি বিশ্লেষকরা আসিফকেই সাত্তারের প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ মনে করছেন। আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিফ ভোটের প্রচারণায়ও এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।