দেশের প্রথম স্থলবন্দর হিসেবে যশোরের বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে উদ্বোধন হচ্ছে ইলেকট্রনিক গেট। এতে ভারতে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের ভোগান্তির অবসান ঘটবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট বের করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। এতে যাত্রীপ্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫-৭ মিনিট সময় লাগত। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ৪ মার্চ বেনাপোল বন্দর ইমিগ্রেশন ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। একই সঙ্গে তিনি যশোর পুলিশ সুপারের নতুন ভবনেরও উদ্বোধন করবেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রথম ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেটে যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই স্বয়ংক্রিয়ভাবে গেটটি খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেটটি খুলবে না। এতে যাত্রীরা আরো সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে। তিনি বলেন, ‘বোনপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মেহেদী হাসান কুতুব জানান, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এ গেট উদ্বোধন হওয়ার পর পাসপোর্ট যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।