নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশন এলাকার টিনসেড মার্কেটে আগুনের ঘটনায় একটি রিকশা গ্যারেজসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চাষাড়া রেলস্টেশন সংলগ্ন একটি টিনসেড মার্কেটে থাকা গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেয়া হচ্ছিল। রাত পৌনে তিনটার দিকে আগুন দেখতে পান গ্যারেজের কর্মচারী আসিক হোসেন।

আসিক জানান, মুহূর্তেই আগুন টিনসেড মার্কেটটিতে ছড়িয়ে পড়ে। এ সময় রিকশার গ্যারেজ, দুটি ভাঙারির দোকান, দুটি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসের গোডাউনসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান তদন্তের পর জানা যাবে বলেও তিনি জানান।