ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইছকার বিলে  দুর্ঘটনায় ডুবে যাওয়া ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে।

আজ (রবিবার) সকালে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল নদীর তলদেশ থেকে ক্রেনের মাধ্যমে ট্রলারটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

এতে ২২জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে ২০টনের একটি চেইনের মাধ্যমে ট্রলারটি পানির নীচ থেকে উঠানো হয়। এসময় কোনো মরদেহ পাওয়া যায়নি।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন জানিয়েছেন, উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য শুক্রবার বিকালে লইছকার বিলে বালুবাহী  বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়।

এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারেরর পক্ষ থেকে ৭জনকে আসামী করে বিজনগর থানায় মামলা হয়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার  করেছে।