ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। গতকাল গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসার কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব।

শামীম হায়দার বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যেকোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এ কাজ করতে ব্যর্থ হচ্ছে। সারা দেশে আমাদের নেতাকর্মীরা সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এসএম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের, ফকরুল ইমাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।