জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বেসরকারি চিকিৎসা খাতকে সেবামুখী ব্যবসা হতে হবে, ব্যবসামুখী সেবা নয়। এজন্য যথাযথ সেবাও নিশ্চিত করতে হবে। এছাড়া বেসরকারি খাতেও খরচ কমানো সম্ভব। এটি উদ্যোক্তাদের নিশ্চিত করতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার (৩০ আগস্ট) বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমার হসপিটাল আছে। সেখানে সিজারিয়ানে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। যিনি অপারেশন করেন তিনি ৬ থেকে ৭ হাজার টাকা নেন। তিনি যখন চৌদ্দগ্রামে গিয়ে অপারেশন করেন তখন ৩ হাজার টাকা নেন, আবার যখন ঢাকায় আসেন তখন ২৫ থেকে ৩০ হাজার টাকা নেন। ডাক্তার তো একজনই।’
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের বক্তব্যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো প্রয়োজনীয়তার কথা উঠে আসে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ৬ থেকে ৮ শতাংশ বাজেট দরকার। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী বাজেট নির্ণয় করা হচ্ছে না। আমি মনে করি, এটি প্রাথমিক ও প্রধান একটি ইস্যু যেটাকে সমন্বয় করতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ করতে হবে। এটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এটিকে দেশে আরো বেশি বিস্তৃত করতে হবে। বেসরকারি খাতকেই অধিকতর গুরুত্ব দেয়া দরকার। যারা যখন ক্ষমতায় থাকবেন, নীতি বাস্তবায়নে তাদের সিরিয়াস থাকতে হবে।’










