কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুজন রোহিঙ্গা নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ক্যাম্পে ৮ ইস্ট, ব্লক বি-৬২ এবং ব্লক বি-৪৯-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম সলিম উল্লাহ (৩৩)। তিনি ক্যাম্প ৮ ইস্টের ব্লক বি-২৪-এর বাসিন্দা মোহাম্মদ নূর প্রকাশ ইউনুছের ছেলে এবং ব্লক বি-৩৪-এর বাসিন্দা গোলাম কাদিরের ছেলে মো. রেদোয়ান (২৬)। তারা দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬০ জনের মতো সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্প ৮ ইস্টের হেড মাঝি মো. রফিকে মারতে যায়। সংবাদ পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গারা ‘পুলিশ পুলিশ’ বলে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুজন রোহিঙ্গা নিহত হয়।

ঘটনাস্থলে একটি ওয়ান শুটারগান, ওয়ান শুটারগানের গুলি তিন রাউন্ড, সিআর (চায়না) গুলি চার রাউন্ড, গুলিভর্তি ম্যাগাজিন একটি, গুলির খোসা ১১ রাউন্ড, ১টি ধারালো ছুরি ও দুটি লোহার পাইপ পাওয়া যায়।

ওসি আরো জানান, নিহত রোহিঙ্গাদের মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর এবং ডিআইজি (এফডিএমএন) মো. জামিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পর্যাপ্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।