সিরাজগঞ্জের এনায়েতপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন। নিহত হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামাণিকের ছেলে এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কার প্রামাণিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামাণিকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠকও হয়েছে। হঠাৎ বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কার গ্রুপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর শুরু করে। খবর পেয়ে তাদের ফুফা হাজী আহসান আলী প্রতিপক্ষকে থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরো অন্তত পাঁচজন।

খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরটি নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি পাশাপাশি আসামিদের দ্রুত আটক করতেও তৎপরতা চালানো হচ্ছে।