জেলা বিএনপির পূর্বঘোষিত সমাবেশ, তিন নেতাকে পুলিশ হেফাজতে নেয়া ও ছাত্রলীগের পাল্টা কর্মসূচির ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুরে সমাবেশের ডাক দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত সপ্তাহে জেলা বিএনপি সমাবেশ আহ্বান করে। এতে
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়াসহ কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা। এরই মধ্যে জেলা ছাত্রলীগও একই দিনে, একই স্থানে বেলা ৩টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের ডাক দেয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জানান, তাদের সমাবেশের জন্য শহরের তিনটি জায়গা নির্ধারণ করা হয়। পুলিশের পক্ষ থেকে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়।
পরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একই স্থানে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ছাত্র জমায়েতের কর্মসূচি দেয়া হয়। এ নিয়ে শহরে উদ্বেগ, উত্কণ্ঠা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশের তত্পরতা জোরদার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সেখানে ছাত্র সমাবেশ আহ্বান করেছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, একই দিনে, একই স্থানে উভয় পক্ষ সমাবেশ ডাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়া হয়নি। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা মোহাম্মদ শাহিন জানান, তিন নেতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও জেলা বিএনপির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ আহ্বান করা হয়। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সে সময় তারা সমাবেশ করতে পারেনি।










