যশোরের ঝিকরগাছার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামালকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ গত ১৫ মার্চ পৌরসভা কার্যালয়ে ঢুকে হত্যার হুমকি দেন বলে দাবি করেছেন মেয়র। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, ‘‌গত ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তিনি পৌরসভায় নিজ কার্যালয়ে থাকার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ কক্ষে ঢুকে সবাইকে বের করে দেন। এ সময় আমাকে গুলি করে হত্যার হুমকি দেন।’

কী কারণে হত্যার হুমকি দেয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘‌শহরের সাবেক বোটঘাট এলাকায় পাঁচ শতকের একটি সরকারি সম্পত্তি ডিসিআর না কেটেই মুছা মাহমুদের নেতৃত্বে ব্যক্তি স্বার্থে দখল করে নেয়া হয়েছে। এতদিন তালাবদ্ধ থাকলেও সেটা খোলা অবস্থায় দেখে আমি পৌর কার্যালয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কেউ ডিসিআর কেটে নিয়েছে কিনা জানতে চেয়েছিলাম। এর ঘণ্টা খানেক পরে এসে মুছা মাহমুদ হত্যার হুমকি দিয়ে যান।’

তবে হুমকির বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন মুছা মাহমুদ।