স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। অসচ্ছল মন্দিরসমূহের অনুকূলে এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে ৪ কোটি টাকা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপসমূহের নিরাপত্তা রক্ষায় আইপি ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানা কর্তৃক মনিটরিং করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ বিশেষ টিম গঠন করা, স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেয়া, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাবের টহল নিশ্চিত করা, প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যদের নিয়োজিত রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।