সিরাজগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছে আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।
আটককৃত কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।
এসআই মো. শরীফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়ানোর কথা বলে শিশুটিকে (১০) সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের মাঝখানের নির্জন বিলে নিয়ে যান কালাম। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসী বিলের মধ্যে তাকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় কালামকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এসআই জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কালামকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










