সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাধারণ মানুষের সহায়তায় সরকারি (জিআর) ৬১ বস্তা (৩ হাজার ৫০) কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার (১৭ মে) গভীর রাতে কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।
আজ সোমবার সকালে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেণ, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ছয়টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিল। নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে ভ্যানগুলো আটকে রেখে এলাকাবাসী পুলিশ ও আমাকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চালসহ ৬টি ভ্যান জব্দ করা হয়। ৬১ বস্তায় প্রায় ৩ হাজার ৫০ কেজি চাল রয়েছে।
তিনি আরও জানান, চালগুলো কোথা থেকে এলো, আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত চালগুলো উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে।










