কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৯ ঘন্টা অভিযান
চালিয়ে ১৪ আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গুলি, ২০ হাজার ইয়াবাসহ সশস্ত্র রোহিঙ্গা ডাকাত
দলের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল সোমবার (২ জানুয়ারি) দুপুর ১টা থেকে
শুরু হওয়া এ অভিযান চালানো হয় রাত ১০টা পর্যন্ত। বিষয়টি নিয়ে আজ দুপুরে কোস্টগার্ডের
টেকনাফ স্টেশনের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হয়।
ব্রিফিং এ অভিযানের বিস্তারিত জানান কোস্টগার্ডের
টেকনাফ স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন জামান।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের থাইংখালী রোহিঙ্গা
ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে মো. ইব্রাহিম (২৩), একই ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে
মো. আরিফি (৩৩), নুর হাকিমের ছেলে মো. মাহমুদুর রহমান (১৮), উনচিপ্রাং ক্যাম্পের নুরুল
ইসলামের ছেলে মো. আমিন (৩৩), একই ক্যাম্পের হাশেমের ছেলে মো. কানিজ (২৪) ও উখিয়ার বালুখালী
ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে মো. নবী হোসেন (২৮)।
তবে স্থানীয়দের দাবি, আসল ডাকাত ও ইয়াবাকারবারী
বার্মায়া রফিক আটক হয়নি। মূলত তাকে টার্গেট করে অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হয়েছে বিদেশী পিস্তল ২টি,
একনলা বন্দুক ৩টি, এলজি ২টি, শর্টগান ১টি, দেশী পিস্তল ৬টি, পিস্তলের ম্যাগাজিন ৪টি,
তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৯ রাউন্ড, রামদা ৪টি, ইয়ারা ২০ হাজার, বিদেশী মদ
২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক ৭ সেট, হ্যান্ডকাফ ১টি, ল্যান্ড
ফোন ১টি ও বাটন মোবাইল ৪টি।
ব্রিফিংকালে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান জানান, শাহপরীদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের নাফ
নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর
পেয়ে এ অভিযান শুরু করা হয়।










