ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ ঘোষণার পাঁচদিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া ( ফেসাই)। আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে আবারো এ স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রফতানি শুরু হবে। এতে করে পুনরায় এ বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই) আগরতলা বন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ, শুটকি ও ফ্রুট জাতীয় পণ্য গত ১ ফেব্রুয়ারি থে০কে আগামী ১ মার্চ পর্যন্ত রফতানি বন্ধ করে দেয়। এরপর থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নড়েচড়ে বসেন। তারা কেন্দ্র সরকারে কাছে চিঠির মাধ্যমে জানান যেন এ বন্দর সেই নিষেধাজ্ঞার আওতাধীনের বাইরে রাখা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই) এ বন্দরের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে ৫দিন পর আগামীকাল থেকে এ বন্দর দিয়ে মাছ রফতানি শুরু হবে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশ থেকে রফতানি হওয়া মাছের উপর নির্ভরশীল। মাছ রফতানি বন্ধ হওয়ায় এ রাজ্যের সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে বলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এ বন্দর দিয়ে মাছ রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এতে করে মাছ ব্যবসার সঙ্গে জড়িত শত শত ব্যবসায়ী এবং শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে।
আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া খাদ্য নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ১মার্চ পর্যন্ত মাছ রফতানি বন্ধ রাখেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে দু'দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ও রাজ্য সরকারের অনুরোধে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই) এ বন্দর দিয়ে মাছ রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় মাছ রফতানির অনুমোদন দেয়। আগামীকাল থেকে আবারো ভারতে মাছ রফতানি শুরু হবে।










