কক্সবাজারে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গুরুতর দগ্ধ জেলেরা হলেন শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ার বাসিন্দা মো. আইয়ুব (৩১), দিল মোহাম্মদ (৩০), মো. রফিক (২৫), মনির আহমদ (২৬), শফিকুল ইসলাম (২৬), আরমান (২০), রহিম উল্লাহ (৩৭), মো. রহিম (৩০), মো. শাহিদ (৩৫) ও মো. ওসমান (১৯)।

এছাড়া কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুই জেলে হলেন ট্রলারের মাঝি দুলাল চন্দ্র শীল (৩৭) ও জেলে আলী আকবর (৫০)। ট্রলারের মালিক শহরের নুনিয়াছটা এলাকার বাসিন্দা সেলিম বহদ্দার।

পুলিশ ও ট্রলারমালিক সূত্র জানায়, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ট্রলারের জেলেরা গতকাল ভোররাতে বাঁকখালী নদীর ফিশারিঘাটে আসেন। সকাল ১০টার দিকে ট্রলারটি থেকে সাগর থেকে আহরিত মাছ খালাস করা হচ্ছিল। পাশে  জেলেদের জন্য গ্যাস সিলিন্ডারে রান্না চলছিল । হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারের ১২ জেলে দগ্ধ হন। 

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের শরীর ৭০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

হাসপাতালে চিকিৎসাধীন ট্রলারের মাঝি দুলাল চন্দ্র শীল বলেন, ‘ট্রলারের এক পাশে জেলেদের খাওয়ার জন্য তরকারি গরম করা হচ্ছিল। তখন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।’ 

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।