কক্সবাজার সৈকতের হোটেল-মোটেল জোন থেকে এক পর্যটক নারী ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সি আলিফ নামের একটি হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী দুই ছেলেকে সঙ্গে নিয়ে পালিয়েছেন। নিহত নারী সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। 

হোটেলের ফ্রন্টডেস্ক ম্যানেজার রিফাত হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে সুমা দে তার স্বামী ও তিন শিশুসন্তান নিয়ে তাদের হোটেলে ওঠেন। সকালে হোটেল চেকআউটের সময় হওয়ায় পর্যটক দম্পতির কক্ষে নক করে কোনো সাড়া না পেয়ে ফোন করেন। এতেও কোনো সাড়া না পেয়ে হোটেলে থাকা অতিরিক্ত চাবি নিয়ে দরজা খুলে সুমা দে ও তার মেয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহীন বলেন, ‘নিহত নারীর স্বামী তাদের অন্য দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মৃত্যুর কারণ জানতে সিআইডির সদস্যরা কাজ করছেন।’