কক্সবাজারের মাদক কারবারিদের সদ্য প্রকাশিত তালিকা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তালিকায় নাম এল বলে কেউ দোষী হয়ে যায়নি। সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপহরণ ও খুনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বৈঠকে ২৫তম সবার কার্যবিবরণী নিশ্চিতকরণ; সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্ট মার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন বিষয় এজেন্ডায় রাখা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ অংশ নেন।










