বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের সব ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ।

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারা বিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, আখাউড়া আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।